আগামী ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তার আগে প্রস্তুতি হিসেবে ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল। তবে সেই ম্যাচটি আর হচ্ছে না বলে নিশ্চিত করেছে বাফুফের একটি সূত্র।
আসলে আফগানিস্তানেরই ঢাকায় আসার কথা ছিল নিজেদের হোমম্যাচ আয়োজনের জন্য। তারা এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারের বিপক্ষে ম্যাচটি ঢাকায় আয়োজনের অনুরোধ করেছিল, যেটিতে বাফুফে সম্মতিও দিয়েছিল। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ আয়োজনের প্রাথমিক পরিকল্পনাও তৈরি ছিল।
কিন্তু শেষ মুহূর্তে মত বদলেছে মিয়ানমার। তারা জানিয়ে দিয়েছে, ঢাকায় এসে খেলবে না। আফগানিস্তানকে অন্য কোনো ভেন্যু খুঁজে নিতে বলেছে তারা। ফলে আফগানিস্তানের সফরই বাতিল হয়ে গেছে, সঙ্গে বাতিল হয়েছে বাংলাদেশের সঙ্গে তাদের নির্ধারিত প্রীতি ম্যাচটিও।
তবে বাফুফে বিকল্প প্রতিপক্ষ খুঁজতে ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। লক্ষ্য, নির্ধারিত তারিখ ১৩ নভেম্বরই একটি ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করা, সম্ভাব্য ভেন্যু হিসেবে রাখা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। সূত্র জানিয়েছে, বাফুফে ইতোমধ্যে কয়েকটি দেশকে প্রস্তাব দিয়েছে, এর মধ্যে নেপাল নাকি সবুজ সংকেত দিয়েছে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফর করেছিল নেপাল। দুটি প্রীতি ম্যাচ খেলার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতার কারণে দ্বিতীয় ম্যাচটি বাতিল করতে হয়েছিল, বিশেষ ফ্লাইটে বাংলাদেশ দলকে ফেরত আনতে হয়েছিল কাঠমান্ডু থেকে।
এবার পরিস্থিতি উল্টো—নেপালই আসতে পারে ঢাকায়। যদিও বাফুফে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে আলোচনায় অগ্রগতি হয়েছে বলেই জানা গেছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে ভারতের বিপক্ষে বাছাইপর্বের লড়াইয়ের আগে নেপালকে নিয়েই প্রস্তুতি সারবে জামাল ভূঁইয়ারা।