প্রকাশ :: ... | ... | ...

চাঁদপুরে জুলাই মঞ্চের নেত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেফতার


সংযুক্ত ছবি

চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে জুলাই মঞ্চের নেত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি সৈকত হোসেন আমিন, এনসিপির ফরিদগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম এবং এনসিপির চাঁদপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার ও ভুক্তভোগীর তথ্য অনুযায়ী, কয়েক মাস আগে জুলাই মঞ্চের জেলা আহ্বায়ক কমিটির নেত্রী এবং সৈকত হোসেনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তীতে শারীরিক সম্পর্কেও গড়ে ওঠে। পরে সৈকত বিয়ে করতে অস্বীকার করলে ৫ অক্টোবর নেত্রী সৈকতের গ্রামের বাড়িতে অবস্থান নেন এবং দুদিন অনশন করেন। বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত নিরসন হয়নি। পরবর্তীতে ২৬ অক্টোবর নেত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে চাঁদপুর আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সৈকতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর বুধবার সন্ধ্যায় ফরিদগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ওসি মোহাম্মদ শাহ আলম জানিয়েছেন, বৃহস্পতিবার সৈকতকে আদালতে সোপর্দ করা হবে। এ বিষয়ে এনসিপির চাঁদপুর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. মাহবুব আলম বাংলা ট্রিবিউনকে বলেন, “ঘটনাটি জানার পর আমরা সমাধানের চেষ্টা করেছি। একজনে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সৈকত আগে বিবাহিত ছিলেন। তিনি বিয়েতে রাজি না হওয়ায় নেত্রী ধর্ষণের অভিযোগ দিয়েছেন। তবে ধর্ষণের অভিযোগ সত্য নয়। যদি সত্য হতো, আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতাম।”