চাঁদপুরের হাজীগঞ্জে পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলসহ এক নারী ও এক পুরুষকে আটক করেছে। বুধবার (২৯ অক্টোবর) ভোররাতে উপজেলার গন্ধব্যপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন—যুথি (২২) ও রবিউল করিম (৩৩)। যুথি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের চাকলাকান্দা গ্রামের আব্দুর রহমানের মেয়ে, বর্তমানে রাজধানীর মিরপুর-১২ পল্লবী এলাকায় থাকেন। অপরজন রবিউল করিম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার জয়শরা গ্রামের মতিন মুন্সীর ছেলে। পুলিশ জানায়, ঢাকা মেট্রো জ-২৯-২০৯৫ নম্বরের একটি প্রাইভেটকারে করে তারা ঢাকা থেকে চাঁদপুরে যাচ্ছিলেন। ভোর রাত ৪টার দিকে হাজীগঞ্জে স্থাপিত চেকপোস্টে গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ি থেকে ৪৫ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা ও ১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তল্লাশির সময় নিজেকে একজন ডান্সার হিসেবে পরিচয় দেন যুথি। পুলিশকে তিনি বলেন, “আমি মদ খাই, আমার মদ খাওয়ার লাইসেন্স আছে। ঢাকা থেকে চাঁদপুরে বেড়াতে এসেছি, তাই এগুলো সঙ্গে এনেছি।” তবে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, অভিযানের সময় তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। মাদকসহ দুজনকে আটক করা হয়েছে এবং গাড়িটিও জব্দ করা হয়েছে। ঘটনার পর থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নম্বর-২৩, তারিখ ২৯/১০/২০২৫) দায়ের করেছেন। আটক দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি বলেন, “মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”