যশোরের শার্শা উপজেলার বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ বাজার এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করে।
শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে যান চলাচল বন্ধ হয়ে বেনাপোল স্থলবন্দর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শার্শা উপজেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলিম এক ছাত্রীকে শ্লীলতাহানি করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভে নামে এবং অভিযুক্ত শিক্ষকের দ্রুত অপসারণের দাবি জানায়। তাদের দাবি—বিদ্যালয় প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, তাই তারা আন্দোলনে নেমেছেন।
অবরোধস্থলে উপস্থিত শিক্ষার্থীরা জানান, “আমরা স্কুলে নিরাপত্তা চাই। যিনি ছাত্রীদের অসম্মান করেছেন, তাকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করতে হবে।”
পরে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের অভিযোগ তদন্তের আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে নেয় এবং ক্লাসে ফিরে যায়।
শিক্ষার্থীরা সতর্ক করে জানিয়েছে, আগামী ৫ নভেম্বরের মধ্যে অভিযুক্ত শিক্ষককে চাকরিচ্যুত না করলে তারা আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেবে।
এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনার সুষ্ঠু তদন্ত ও কঠোর শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করা জরুরি।